দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

মাগুরার শ্রীপুর উপজেলার লাঙ্গলবাদ বাজার এলাকায় সাবেক এক ইউপি চেয়ারম্যানের ছেলের দখলে থাকা প্রায় ২৫ কোটি টাকা মূল্যের সরকারি খাসজমি উদ্ধার করেছে উপজেলা প্রশাসন।
বুধবার (৮ জুলাই) দুপুরে লাঙ্গলবাদ বাজারের বড় মসজিদসংলগ্ন প্রায় ৬০ শতক সরকারি খাসজমিতে উচ্ছেদ অভিযান পরিচালনা করেন শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নাজমুল ইসলাম।
অভিযান চলাকালে অবৈধভাবে নির্মিত প্রাচীর ও গেট ভেঙে দেওয়া হয়। একই সঙ্গে ভবন নির্মাণের উদ্দেশ্যে সেখানে রাখা বিভিন্ন নির্মাণসামগ্রী জব্দ করা হয়।
উপজেলা প্রশাসন জানায়, প্রায় এক সপ্তাহ আগে জমিটির চারপাশে প্রাচীর ও গেট নির্মাণ করে সেটি দখলের চেষ্টা করা হয়। পরে সেখানে ভবন নির্মাণের জন্য নির্মাণসামগ্রীও রাখা হয়।
বিষয়টি জানাজানি হলে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কার্যালয়ের কর্মকর্তারা মঙ্গলবার ঘটনাস্থল পরিদর্শন করে সরকারি জমি দখলমুক্ত করার নির্দেশ দেন। তবে সেই নির্দেশ উপেক্ষা করে সেখানে নতুন করে ঘর নির্মাণের কাজ চালিয়ে যাওয়ার অভিযোগ ওঠে।
পরে খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজমুল ইসলাম ঘটনাস্থলে গিয়ে উচ্ছেদ অভিযান পরিচালনা করে সরকারি জমি দখলমুক্ত করেন।
প্রশাসনের দাবি, উদ্ধার হওয়া জমিটি সাবেক ইউপি চেয়ারম্যান শাহাবুদ্দিন শেখের ছেলে রফিক শেখ অবৈধভাবে দখলে নিয়েছিলেন।
তবে এ বিষয়ে রফিক শেখের বক্তব্য জানতে একাধিকবার মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তার সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নাজমুল ইসলাম বলেন, সরকারি সম্পত্তি অবৈধভাবে দখলের বিষয়টি জানতে পেরে তাৎক্ষণিকভাবে অভিযান চালিয়ে জমিটি উদ্ধার করা হয়েছে। ভবিষ্যতে সরকারি জমি দখলের যেকোনো অপচেষ্টার বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
জে আই